বেতাগীতে ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » বরগুনা » বেতাগীতে ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

বেতাগীতে ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগানার বেতাগীতে সাদিয়া আক্তার (১৭) নামের এক ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার বড় মেয়ে। তিনি বেতাগী পৌর শহরের ফরাজী ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরে সাদিয়া তাঁর মাকে শারীরিক অসুস্থতার কথা জানান। পরে কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার কথা বললে তাঁর মা তাঁকে নিয়ে বাইরে যান। এরপর ঘরে ফিরে সাদিয়া তাঁর ছোট ভাইকে নিয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

 

রাত আনুমানিক ১টার দিকে ছোট ভাই ঘরের আড়ার সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে সাদিয়ার মৃত্যু হয়।

 

কী কারণে সাদিয়ার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্য ও তাঁর সহকর্মীরাও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি।

 

খবর পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০১:০০ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ