কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

হোম » পিরোজপুর » কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মূল্য ও মেয়াদ তদারকিতে অভিযান চালিয়ে দুইটি মুদি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বাজার ও দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে উত্তর বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে মূল্য বেশি নেওয়ার অপরাধে ৫ হাজার টাকা এবং দক্ষিণ বাজারের কামরুল স্টোরের মালিক কামরুজ্জামানকে মূল্য বেশি নেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম বখতিয়ার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য ও মেয়াদ যাচাই করে বিক্রির আহ্বান জানান।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৮ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ