তালতলীতে লোডশেডিংয়ে ১৯০ মুরগির বাচ্চা মৃত্যুর অভিযোগ

হোম » বরগুনা » তালতলীতে লোডশেডিংয়ে ১৯০ মুরগির বাচ্চা মৃত্যুর অভিযোগ
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

তালতলীতে লোডশেডিংয়ে ১৯০ মুরগির বাচ্চা মৃত্যুর অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্রয়লার মুরগির ১৯০টি বাচ্চা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে খামারি রফিক মিয়ার প্রায় ১৩ হাজার ৩০০ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ছোটবগী ইউনিয়নের সিলভারতলী এলাকায় রফিক মিয়ার ‘রাফি পল্টি ফার্মে’ এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার চাঁন মিয়া মীরার ছেলে।

 

খামারি রফিক মিয়া জানান, তিনি প্রায় তিন বছর ধরে নিজ বাড়িতে ব্রয়লার মুরগির খামার পরিচালনা করছেন। সর্বশেষ দুই দিন বয়সী ‘কালার বার্ড’ জাতের ৫৬০টি বাচ্চা এনে খামারে ব্রুডিং শুরু করেন। বাচ্চাগুলোকে প্রয়োজনীয় তাপ দিতে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হচ্ছিল।

 

রফিক মিয়ার দাবি, মঙ্গলবার রাতজুড়ে এলাকায় তীব্র লোডশেডিং ছিল। সারা রাতে চার ঘণ্টার বেশি বিদ্যুৎ না থাকায় খামারের বাতিগুলো জ্বালানো সম্ভব হয়নি। বিকল্প তাপের ব্যবস্থা না থাকায় বুধবার ভোরে ১৯০টি বাচ্চা মৃত অবস্থায় পাওয়া যায়। এতে তাঁর প্রায় ১৩ হাজার ৩০০ টাকার ক্ষতি হয়েছে।

 

রফিক মিয়া বলেন, ‘রাতে লোডশেডিংয়ের কারণে বাতি জ্বালিয়ে বাচ্চাগুলোকে প্রয়োজনীয় তাপ দেওয়া সম্ভব হয়নি। ভোরে খাবার দিতে গিয়ে দেখি বাচ্চাগুলো মরে পড়ে আছে। বিদ্যুৎ সংকটের কারণেই আমার এই বড় ক্ষতি হলো।’

 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. মোতাহার উদ্দিন বলেন, ‘উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা পাঁচ থেকে সাড়ে পাঁচ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই থেকে তিন মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক হওয়ায় বাধ্য হয়ে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।’

 

ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার শিকদার বলেন, ‘সদ্য জন্ম নেওয়া মুরগির বাচ্চার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্রুডিংয়ে সমস্যা, অতিরিক্ত ঠান্ডা, পানিশূন্যতা বা বাতাস চলাচলের বিঘ্ন ঘটলে বাচ্চার মৃত্যু হতে পারে। তবে মৃত বাচ্চাগুলো পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ