নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

হোম » পিরোজপুর » নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

‘ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি, আপনার সচেতনতাই সেরা প্রতিরোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান করেছে স্বরূপকাঠি পৌর ছাত্রদল।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌর এলাকার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের নির্দেশনায় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

 

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের ডেঙ্গু রোগের কারণ, বিস্তার, প্রতিরোধের উপায় এবং মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

 

আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

 

পরে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী তারেক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সাগর মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ পারভেজ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হোসাইন, কাজী আশিকুর রহমান, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:০৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ