টুঙ্গিপাড়ায় কলেজের জানালা-গ্রিল ও রড চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

হোম » ঢাকা » টুঙ্গিপাড়ায় কলেজের জানালা-গ্রিল ও রড চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬


 

টুঙ্গিপাড়ায় কলেজের জানালা-গ্রিল ও রড চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

সাগরকন্যা প্রতিনিধি, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরির পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, কলেজ সরকারি বন্ধ থাকায় গত ২৭ অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি ফিরে যান। পরে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাঁকে জানান, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান।

 

অধ্যক্ষ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। কলেজের সভাপতি ও কমিটির অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

 

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে।

 

এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:১৭:২৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ