বরগুনায় গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

হোম » বরগুনা » বরগুনায় গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

তৃণমূল পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে বরগুনায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ, তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা পরিচালনার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

 

সভায় বরগুনার বিভিন্ন ইউনিয়নের বিবাহ নিবন্ধক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজন ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ের মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোটখাটো বিরোধ নিয়ে গ্রামের সাধারণ মানুষ যাতে দূরের আদালতে গিয়ে সময় ও অর্থ ব্যয় না করেন, সে জন্য গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে হবে।

 

তিনি বলেন, গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নয়, সামাজিক শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গ্রাম আদালতের সেবা, এখতিয়ার ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি।

 

জেলা প্রশাসক আরও বলেন, প্রান্তিক মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ যত সহজ হবে, আইনের প্রতি মানুষের আস্থাও তত বাড়বে। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষক, বিবাহ নিবন্ধক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে এখনও অনেক মানুষের পর্যাপ্ত ধারণা নেই। ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ