সেতুর অভাবে ৫০ হাজার মানুষের দুর্ভোগ, বাজারে আসছে না তরমুজের পাইকারি ক্রেতা
হোম »
বরগুনা »
সেতুর অভাবে ৫০ হাজার মানুষের দুর্ভোগ, বাজারে আসছে না তরমুজের পাইকারি ক্রেতা
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী বাজারসংলগ্ন আমড়াগাছিয়া নদীর ওপর ঝুঁকিপূর্ণ আয়রন সেতুর স্থলে গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। তাঁদের অভিযোগ, সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন করতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা। গুলিশাখালী ইউনিয়নে বছরে প্রায় ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হলেও সেতুর কারণে ট্রাকে তরমুজ পরিবহন করতে না পারায় আসছেন না পাইকারি ক্রেতারা।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খেকুয়ানী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা পুরোনো আয়রন সেতুর স্থলে দ্রুত গার্ডার সেতু নির্মাণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, খরস্রোতা পায়রা নদীর শাখা আমড়াগাছিয়া নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নকে ঘিরে প্রবাহিত। তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা এ নদীর সঙ্গে জড়িত। একসময় নদীতে ১০টির বেশি খেয়ানৌকায় মানুষ ও কৃষিপণ্য পারাপার করা হতো।
২০০১ সালে খেকুয়ানী বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি আয়রন সেতু নির্মাণ করে। তবে নির্মাণকাজে অনিয়মের কারণে ২০১০ সালেই সেতুটির বিম বাঁকা হয়ে যায় এবং সেতুটি দেবে পড়ে। এরপরও গত ১৬ বছর ধরে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করেছেন। ২০২০ সালে সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এরপর থেকে দুই ইউনিয়নের কৃষিপণ্য পরিবহনে সংকট দেখা দেয়। কৃষিপণ্য বাজারজাত করা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। একই সঙ্গে ক্রেতা ও পণ্য পরিবহন কমে যাওয়ায় খেকুয়ানী বাজারও লোকসানের মুখে পড়েছে।
মানববন্ধনে আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মো. দেলোয়ার মুন্সি, প্রভাষক ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়া।
বক্তারা বলেন, মানুষের চলাচলের সুবিধার জন্য ২০০১ সালে সেতুটি নির্মাণ করা হলেও নির্মাণকাজে অনিয়মের কারণে অল্প সময়ের মধ্যেই এটি অকেজো হয়ে পড়ে। পাঁচ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি অকেজো ঘোষণা করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে কৃষিপণ্য আনা-নেওয়া ও খেকুয়ানী বাজারে পণ্য বাজারজাতকরণ বাধাগ্রস্ত হচ্ছে। গুলিশাখালী ইউনিয়নে বছরে প্রায় ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হয়। কিন্তু সেতু দিয়ে তরমুজবোঝাই ট্রাক চলাচল করতে না পারায় পাইকারি ক্রেতারা আসছেন না। এতে লোকসানে পড়ছেন তরমুজচাষিরা। দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ কমাতে এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে দ্রুত গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারের আয়রন সেতুর স্থানে দ্রুত গার্ডার সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে নকশা তৈরির কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩০ ●
২০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)