জিয়ানগরে গ্যাসবাহী জাহাজে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

হোম » পিরোজপুর » জিয়ানগরে গ্যাসবাহী জাহাজে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে গ্যাসবাহী একটি জাহাজে অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ মো. জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল টগড়া ফেরিঘাটসংলগ্ন কঁচা নদীতে নোঙর করা ‘এমটি ডেলটা এলপিজি-১’ জাহাজে অভিযান চালায়। জাহাজের ক্রুদের সহায়তায় পুলিশ ভেতরে প্রবেশ করে অ্যাকোমোডেশন অংশের দ্বিতীয় তলায় মাস্টার কেবিনের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

 

পুলিশ জানায়, আটকের পর জিয়াউর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে মাস্টার কেবিনের বিছানার তোশকের নিচে রাখা তিনটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগ থেকে ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই কেবিনের আলমারির ড্রয়ার তল্লাশি করে মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তার জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. জেবল হকের ছেলে।

 

মঙ্গলবার সকালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ইন্দুরকানী থানার পরিদর্শক (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ