নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা বিমান সংস্থার, কিন্তু কেন?

হোম » বিনোদন » নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা বিমান সংস্থার, কিন্তু কেন?
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

 নোরা ফাতেহি

সাগরকন্যা বিনোদন ডেস্ক

 

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে একটি চার্টার্ড বিমান সংস্থা। তাদের বিমানে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সামাজিক মাধ্যমে করা মন্তব্যে সংস্থার সুনাম ও ব্যবসায় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামের সংস্থাটি গান্ধীনগরের আদালতে মামলাটি করেছে। অভিযোগে বলা হয়, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে সংস্থাটির একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেন নোরা ফাতেহি। ওই সময় বিমানের ভেতরের কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

 

সংস্থাটির দাবি, ভিডিওতে নোরা বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ ও ‘লেগো এয়ারপ্লেন’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। বিপুলসংখ্যক অনুসারীর কাছে এসব মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তাদের।

 

‘ডিউনস অ্যাভিয়েশন’ আরও দাবি করেছে, নোরার মন্তব্যের পর তাদের বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং বুকিং বাতিলের সংখ্যাও বেড়েছে। যথাযথ তথ্য যাচাই ও প্রযুক্তিগত জ্ঞান ছাড়া অভিনেত্রীর এমন মন্তব্য ব্যবসায়িকভাবে ক্ষতির কারণ হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

তবে বিমানটির নিরাপত্তা ও মান নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে সংস্থাটি। তাদের দাবি, নোরা ফাতেহির ব্যবহৃত বিমানটি অস্বাভাবিক ছোট নয়; নির্দিষ্ট যাত্রার জন্য এটি উপযুক্ত আকারের একটি মানসম্মত বিমান। বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত এবং উড্ডয়নের জন্য উপযোগী বলেও জানিয়েছে তারা।

 

মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি তার করা বিতর্কিত মন্তব্য, সামাজিক মাধ্যমের পোস্ট এবং সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট অপসারণের নির্দেশ চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৪৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ