শিক্ষার উন্নয়ন সরকারের, দায়িত্বশীল হবেন অভিভাবকরা- মেজর হাফিজ

হোম » ভোলা » শিক্ষার উন্নয়ন সরকারের, দায়িত্বশীল হবেন অভিভাবকরা- মেজর হাফিজ
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

শিক্ষার উন্নয়ন সরকারের, দায়িত্বশীল হবেন অভিভাবকরা- মেজর হাফিজ

সাগরকন্যা প্রতিবেদক, তজুমদ্দিন (ভোলা)

 

জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে রাষ্ট্র উপকৃত হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব, আর সন্তানদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শুধু জিপিএ-৫ অর্জনকারীদের নয়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে না পারা শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকেও যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে।

 

বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন, শম্ভুপুর বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, চাচড়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং অভিভাবক রফিকউল্লাহ মাস্টার।

 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

চলতি বছরের এসএসসি পরীক্ষায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৯ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ