
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ও তরুণদের উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে বৃক্ষ বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির ছয় বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনটির চলমান বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ক্লাইমেট ওয়াচের নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, ভলান্টিয়ার ফর বাংলাদেশের ন্যাশনাল বোর্ড সদস্য আসাদুজ্জামান আসাদ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্না ও সাংবাদিক সজল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মো. আরিফুল ইসলাম মান্না, সহকারী পরিচালক তাহিদ খান, সৌরব জোমাদ্দার, সুমন মিয়া, ইসমাত ভেজাবিন বিন্তি, ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে একটি টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি উপকূলীয় মানুষের পাশে থেকে পরিবেশ, জলবায়ু, জনস্বাস্থ্য ও যুব উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। বরগুনার বেতাগী থেকে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকায় বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনটির ছয় বছরের পথচলায় শত শত তরুণ ও স্বেচ্ছাসেবক সামাজিক, পরিবেশগত ও জলবায়ুবিষয়ক নানা কার্যক্রমে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবিলা, তরুণ নেতৃত্ব বিকাশ এবং পরিবেশ সুরক্ষায় আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।