
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকেও আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেফতার তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ও উপপরিদর্শক নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবুজিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে উপজেলার ছোট বুইচাকাঠী গ্রাম থেকে রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮)-কে ৫৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এ ছাড়া একই অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাজিরপুরে মাদককারবারি কিংবা মাদকসেবী - কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রেফতার দুই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।