কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

হোম » খুলনা » কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বতুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জান্নাতি বতুল বাজার গ্রামের বাসিন্দা মুকুল সানার মেয়ে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলছিল জান্নাতি। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

 

কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বতুল বাজার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের ভাষ্য, বাড়ির আশপাশে অরক্ষিত পুকুর ও জলাশয় থাকায় ছোট শিশুদের জন্য সবসময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা এবং পুকুরের আশপাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ২১:২১:৪৩ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ