
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি বলেন, বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, ইউপি সদস্য এম এ কাইয়ুম জামান, মাহমুদুল ইসলাম রুবেল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোর্শেদ রেজাউল করিম, সাবেক সভাপতি আবদুর রশিদ খান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা মো. আবদুল জলিল ফকির।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।