চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

হোম » প্রযুক্তি » চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের

সাগরকন্যা প্রতিবেদক

 

চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মহাদেশ, মহাসাগর ও বিভিন্ন দেশের মানচিত্র হুবহু দেখা যায় বলে দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তাঁর দাবি, আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে তিনি চাঁদের পৃষ্ঠে পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। এ বিষয়ে বিজ্ঞানী ও গবেষকদের সামনে নিজের দাবি তুলে ধরতে চান তিনি।

 

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রফিকুল ইসলাম।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে রাতে আকাশের দিকে তাকিয়ে থাকার অভ্যাস থেকে চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখতে পান বলে তাঁর দাবি। যান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রযুক্তির পরিবর্তে আধ্যাত্মিক দৃষ্টি ও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে এই রহস্যের সন্ধান পেয়েছেন বলে মনে করেন তিনি।

 

রফিকুল ইসলাম জানান, এর আগে গত বছরের অক্টোবর মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তবে স্থানীয়ভাবে বিষয়টি যথেষ্ট প্রচার না পাওয়ায় নিজের দাবি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

 

তিনি বলেন, ‘দেশি বা বিদেশি যেকোনো বিজ্ঞানী বা গবেষক যদি আমাকে ডেকে পাঠান, তবে আমি নিজ আঙুল দিয়ে তাঁদের দেখিয়ে দেব চাঁদের গায়ে কোন দেশ বা মহাদেশের অবস্থান কোথায়।’

 

রফিকুল ইসলামের ভাষ্য, তাঁর দাবি প্রতিষ্ঠিত হলে ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকৃত হবেন। সরকারি সহযোগিতা পেলে বিষয়টি বিশ্বব্যাপী প্রচার ও প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান বাড়বে বলে মনে করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম এই সত্য অনুসন্ধানে আজ (২৫ অক্টোবর) রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে উপস্থিত থাকবার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ