সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।
এ ছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অনেকে।
বক্তারা বলেন, মাছ বাংলাদেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে মৎস্যচাষিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হচ্ছে।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।