সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি হাসান হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার প্রায় ১৪ মাস পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে ঢোকে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।
এজাহারে উল্লেখ করা হয়, দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। এতে তাঁকে গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে হাসান হাওলাদারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। তাঁকে গ্রেপ্তারে তদন্ত কর্মকর্তা ব্যাটালিয়নের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাসান হাওলাদারকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।