
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে বিদ্যালয়ের বিশ্রাম কক্ষে দুই তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক দপ্তরি কাম নৈশপ্রহরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শ্যামল চন্দ্র দাস চরফ্যাশন সদরের ৩৫ নম্বর চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ নির্দেশ দেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৭৩৬।
থানায় করা জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল চন্দ্র দাস (৪০) চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে। সোমবার দুপুর দেড়টার দিকে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন নামাজ আদায় করতে পাশের মসজিদে যান। এ সুযোগে দুপুর ২টার দিকে শ্যামল বিদ্যালয়ের ভেতরে তাঁর নির্ধারিত বিশ্রামকক্ষে অজ্ঞাতপরিচয় দুই তরুণীকে নিয়ে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা বিদ্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ ও হৈচৈ শুরু করেন। একপর্যায়ে উপস্থিত লোকজন শ্যামল ও ওই দুই তরুণীকে ঘটনাস্থল থেকে বের করে দেন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বিদ্যালয়ে ফিরে আসেন। পরে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানেন।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে অভিযুক্ত শ্যামল চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন।
চরফ্যাশন থানা পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষকের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।