বিয়ের কথা বলে বাসায় নিয়ে প্রেমিকার টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রেমিক

হোম » পটুয়াখালী » বিয়ের কথা বলে বাসায় নিয়ে প্রেমিকার টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রেমিক
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


 

বিয়ের কথা বলে বাসায় নিয়ে প্রেমিকার টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রেমিক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের কথা বলে প্রেমিকের বাড়িতে নিয়ে এক তরুণীর ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে প্রেমিক আরিফ গাজীর বিরুদ্ধে। পরে ওই তরুণীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে আরিফ উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিকা বেগম (১৮)।

 

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

মনিকার মা রেক্সোনা বেগম জানান, তাঁর মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে দশমিনা উপজেলার আলমগীর গাজীর ছেলে আরিফ গাজীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর ধরে তাঁদের সম্পর্ক। এক মাস আগে আরিফ ঢাকা থেকে মনিকাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে এক মাস থাকার পর রবিবার সন্ধ্যায় তাঁকে গলাচিপায় বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

 

মনিকা বেগম অভিযোগ করে বলেন, তাঁর সঙ্গে থাকা ৪০ হাজার টাকা, কানের দুল, হাতের বালা ও গলার চেইন আরিফের কাছে রয়েছে। আরিফের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কও হয়েছে। তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর আরিফের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তিনি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

 

মনিকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক মেজবাহউদ্দিন জানান, মনিকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অভিযোগের বিষয়ে আরিফের বাবা আলমগীর গাজী বলেন, এক মাস ধরে মনিকা তাঁদের বাড়িতে তাঁর ছেলের সঙ্গে ছিলেন। আরিফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

 

দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউল ইসলাম রুবেল ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

গলাচিপার পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, মনিকার পরিবার দরিদ্র। আইনি সহায়তা পেলে পরিবারটি উপকৃত হবে।

 

বর্তমানে মনিকার পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ