
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা, বিপণন ও এ শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশসহ অনেকে।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ প্রয়োজন। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মশালায় শীতলপাটি শিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা পাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী এ শিল্পের উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে ধারণা পান।
আয়োজকেরা জানান, নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটির সম্ভাবনা তুলে ধরা, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের করণীয় নির্ধারণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।