
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পৌর শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান থেকে ব্যবসায়ীদের অবৈধভাবে রাখা মালামাল, গাড়ি, মোটরসাইকেল, লেপ-তোষকসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকাও দখলমুক্ত করা হয়।
এ সময় উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্ট তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরে দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। মাছের বাজার, ফলের দোকান, লেপ-তোষকের দোকান ও ফার্মেসিপট্টিসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতের ওপর মালামাল সাজিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
অভিযোগ রয়েছে, পৌর শহরে ফিশ মার্কেট থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিসসংলগ্ন সড়কে মাছ, ফল, দিনমজুরের পণ্য, মুরগি, ডিম ও কাঁচা শাকসবজির পসরা বসানো হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সড়কটি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।
উপজেলা প্রশাসন এর আগে একাধিকবার ব্যবসায়ীদের সড়ক ও ফুটপাত দখল না করা এবং রাস্তার ওপর মালামাল ও যানবাহন না রাখার অনুরোধ জানিয়েছে। একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ফলে দীর্ঘদিনের এ সমস্যা আরও প্রকট হয়েছে।
মঙ্গলবারের অভিযানে পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, এক দিনের অভিযানে সীমাবদ্ধ না রেখে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে।
পৌরবাসীর দাবি, মঠবাড়িয়া শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব করতে অবৈধ দখল, পার্কিং এবং ফুটপাতের ওপর ব্যবসায়িক পসরা বসানোর বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখতে হবে।