বরগুনায় জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

হোম » বরগুনা » বরগুনায় জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


 

বরগুনায় জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের মানুষ দায়ী নয়, অথচ এর সবচেয়ে বড় মাশুল দিতে হচ্ছে তাঁদেরই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হচ্ছে উপকূলবাসীকে। এমন বাস্তবতায় জলবায়ু ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বরগুনা শহরের খাকদোন নদীর তীরবর্তী নদীবন্দর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততার প্রকোপ বাড়ছে। এতে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। বারবার প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হচ্ছেন অসংখ্য মানুষ। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন উপকূলের বাসিন্দারা।

 

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের দুর্ভোগ তুলনামূলক বেশি। সুপেয় পানি সংগ্রহ, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সন্তানদের লালন-পালন এবং দুর্যোগের সময় নিজেদের নিরাপত্তা রক্ষায় তাঁদের বাড়তি সংকট মোকাবিলা করতে হচ্ছে। উপকূলীয় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় ন্যায্য জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’ এবং ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

 

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মানববন্ধন থেকে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ