রাজনীতি করেন না, তবু স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সহসভাপতি জনি!

হোম » কুয়াকাটা » রাজনীতি করেন না, তবু স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সহসভাপতি জনি!
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


রাজনীতি করেন না, তবু স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সহসভাপতি জনি!সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে সাংস্কৃতিক কর্মী জনি আলমগীরকে। তবে রাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেছেন, কমিটিতে তাঁর নাম রাখা কিংবা তাঁকে কোনো পদ দেওয়ার বিষয়ে কিছুই জানেন না।

 

শনিবার (১৪ নভেম্বর) জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নবগঠিত কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কুয়াকাটার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

কমিটিতে নিজের নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে প্রতিক্রিয়া জানান জনি আলমগীর। তিনি বলেন, ‘আমি একজন সাংস্কৃতিক কর্মী। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি জড়িত নই। সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই।’

 

জনি আলমগীরের দাবি, কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার আগে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এমনকি এ ধরনের কোনো কমিটি গঠনের বিষয়েও তিনি জানতেন না।

 

এ বিষয়ে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমিন বলেন, ‘শুধু জনি আলমগীর নন, আমাদের এই সংগঠনের কোনো সদস্যই রাজনীতির সঙ্গে জড়িত নন। অতীতেও কেউ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও এই সংগঠনের কোনো সদস্যের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।’

 

অন্যদিকে, কুয়াকাটা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি সুজন পহলান মিলন বলেন, ‘জনি আলমগীরের নামটি ভুলবশত কমিটিতে এসেছে। তিনি দলের সক্রিয় কোনো কর্মী নন। পরে জেলা থেকে নামটি সংশোধন করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।’

 

তবে এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রিফাত হাসান সজিবের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা একজন সাংস্কৃতিক কর্মীর নাম রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়া এবং পরে তা ভুল বলে সংশোধনের ঘটনায় কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ১৮:৫১:২৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ