বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন

হোম » বরিশাল » বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রকল্পটির কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।

 

রবিবার (১৬ আগস্ট) সকালে বরিশাল নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগ থাকবে। প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা থাকবে। দর্শকেরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবেন।

 

তিনি বলেন, বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।

 

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে এটি ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী।

 

মন্ত্রী জানান, এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। এখানে প্রেসক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা সহজেই তথ্য কমপ্লেক্সকে তথ্য সংগ্রহ ও প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ