দুমকিতে বেহাল সড়কে দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

হোম » পটুয়াখালী » দুমকিতে বেহাল সড়কে দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


দুমকিতে বেহাল সড়কে দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবিসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী বড়বাড়ি থেকে লেবুখালী-নলদোয়ানী সংযোগস্থল হয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত কাঁচা সড়কটির বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। হাঁটুপানির কাদা জমে বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে যাতায়াত, রোগী পরিবহন এবং কৃষিপণ্য আনা-নেওয়াও ব্যাহত হচ্ছে।

 

এলাকাবাসী জানান, সড়কটির আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। বর্ষায় কাদা-পানিতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। অনেক সময় শিশু শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহতও হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা নান্নু মৃধা বলেন, এটি পাঙ্গাশিয়া ও লেবুখালী ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ কারণে বছরের পর বছর সড়কটি অবহেলিত পড়ে আছে।

 

অভিভাবক ও ব্যবসায়ীরাও একই সমস্যার কথা জানিয়ে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

 

পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কার ও পাকা করার জন্য একাধিক প্রকল্পের প্রস্তাব পাঠানো হলেও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। তবে দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।

 

উপজেলা প্রকৌশলী (দায়িত্বরত) মো. কামাল হোসেন বলেন, সড়কটির বিষয়ে আমার জানা ছিল না। তবে শিগগিরই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ