
সাগরকন্যা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
গুলিবিদ্ধ জসিম (২৪) স্থানীয় রেজ্জাক বেপারীর ছেলে। গ্রেফতার অপর ব্যক্তি একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় জসিম, মোহনসহ ৭-৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে গুলি লাগে। মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়। আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হন।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’