
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে সরকারি সেবায় নাগরিকের অধিকার নিশ্চিত করা, জনবান্ধব বাজেট প্রণয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় এ সংলাপের আয়োজন করে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)। জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই ক্যান) সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আড়পাঙ্গাশিয়া নাগরিক কমিটির সভাপতি মাযারুল ইসলাম মিলনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল। সঞ্চালনা করেন সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবু জিহাদ, ইউপি সদস্য মো. ইদ্রিস হাওলাদার, মো. বশির হাওলাদার ও মো. দুলাল হাওলাদার।
সংলাপে স্বাস্থ্যসেবা, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড, আইনগত সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি ও প্রতিবন্ধকতার বিষয়গুলো উঠে আসে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সমতা নিশ্চিত করতে হবে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে হয়রানি ছাড়াই তাঁদের প্রাপ্য সেবা পান, সে জন্য আবেদনপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সেবাসংক্রান্ত তথ্য প্রচার বাড়াতে হবে।
তাঁরা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে সাধারণ মানুষের মতামত এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া নারীর নেতৃত্ব বৃদ্ধি, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।