আগৈলঝাড়ায় ফুটবলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
হোম »
বরিশাল »
আগৈলঝাড়ায় ফুটবলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় ফুটবলের আঘাতে গোলকিপার মো. আবু সাঈদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। সে (সাঈদ) উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (৯ম শ্রেণী) বিভাগের ছাত্র ও পটুয়াখালী জেলার রাঙ্গাবলী উপজেলার মনিপাড়া গ্রামের জাকির গাজীর ছেলে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, আবু সাঈদ আমাদের মাদ্রাসায় পড়াশুনা করত ও পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসেবে চাকুরি করত। শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে আবু সাঈদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় একটি দলের গোলকিপার ছিলো। বেলা ১১টার দিকে প্রতিপক্ষের খেলোয়াড় দ্বীন ইসলাম গোল করার জন্য ফুটবলে শর্ট দিলে বলটি ধরার সময় তলপেটে আঘাতপ্রাপ্ত হয়ে সে (গোলকিপার সাঈদ) অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক খেলোয়াড়রা গুরুতর অসুস্থ অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মুমূর্সু অবস্থায় আবু সাঈদকে দুপুর আড়াইটার দিকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী দ্বীন ইসলাম জানান, আমরা ১৬ জন সহপাঠী দুই দলে বিভক্ত হয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিাকে ফুটবল খেলা করছিলাম। বেলা ১১ টার দিকে গোল করার জন্য আমি বলটি শর্ট দিলে গোলকিপার আবু সাঈদ বলটি ধরার চেষ্টা করলে বল গিয়ে তার তলপেটে আঘাত লাগে। এতে সহপাঠী সাঈদ অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘানাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী থানার একটি অপমৃত্যূর মামলা দায়ের করা হয়েছে।
এআর/এমআর
বাংলাদেশ সময়: ২১:১০:০২ ●
৩৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)