পিরোজপুরে মাদক-সন্ত্রাসসহ অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

হোম » পিরোজপুর » পিরোজপুরে মাদক-সন্ত্রাসসহ অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬


পিরোজপুরে মাদক-সন্ত্রাসসহ অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এবং ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহসভাপতি আবদুল খালেক শেখ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফ, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য আবুল কালাম সিকদারসহ স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।

আয়োজকেরা জানান, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সভার মূল লক্ষ্য। এ সময় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:২৩ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ