পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

হোম » পিরোজপুর » পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

 

৫ নম্বর টোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং ‘পজিটিভ পিরোজপুর’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক জুবায়ের আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা বাপ্পন সেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুরের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তারা।

 

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

সমাবেশের শেষে উপস্থিত সবাই মাদক থেকে দূরে থাকা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৫ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ