বঙ্গোপসাগর ও মেঘনায় ৪ নৌযান ডুবি, নিহত ১; উদ্ধার ৫৫

হোম » জেলে-মৎস্য » বঙ্গোপসাগর ও মেঘনায় ৪ নৌযান ডুবি, নিহত ১; উদ্ধার ৫৫
বুধবার ● ১২ আগস্ট ২০২৬


 

লঘুচাপের প্রভাবে ট্রলারসহ চার নৌযানডুবি, একজনের মৃত্যু, ৫৫ জনকে জীবিত উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, নোয়াখালী

 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বাতাসে নোয়াখালীর হাতিয়ায় তিনটি মাছ ধরার ট্রলার ও একটি লবণবাহী বাল্কহেড ডুবে গেছে। এসব ঘটনায় বাল্কহেডের লস্কর ছাবের আহমেদ (৬৫) নিহত হয়েছেন। এ ছাড়া ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ছাবের আহমেদ চট্টগ্রাম জেলার শিকলভাঙা এলাকার বাসিন্দা।

 

জানা গেছে, বুধবার ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ১১ হাজার মণ লবণ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয় বাল্কহেড এমভি আদনান। হাতিয়ার মেঘনা নদীর ঠেঙ্গারচর এলাকায় পৌঁছানোর পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বৈরী আবহাওয়ায় প্রচণ্ড বাতাসের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা আটজন নদীতে পড়ে যান। পাশের একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাঁদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ছাবের আহমেদকে মৃত ঘোষণা করেন।

 

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সুবর্ণচর উপজেলার মো. ফারুক, মো. জাফর, মো. দেলোয়ার ও মো. তারেক; লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল মজিদ; চট্টগ্রামের বাঁশখালীর নুরুল আজম এবং খুলনার ছবির উদ্দিনকে বিকেল ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারডুবিতে উদ্ধার হওয়া অন্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

 

অন্যদিকে, বুধবার সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে জাহাজমারা ইউনিয়নের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে সাগরে থাকা অন্য মাছ ধরার ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারগুলোর মাঝিমাল্লাদের উদ্ধার করেন।

 

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী বলেন, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারগুলোর মাঝিমাল্লারা তীরে ফিরে আসেন। দুর্ঘটনার কবলে পড়া তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। এসব ট্রলারে থাকা ৪৮ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে জাহাজমারার নিমতলী ও বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় বেশ কয়েকটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ