সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল ও বৈরী হয়ে ওঠায় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক নৌযান সাগরে না পাঠানোর নির্দেশ দিয়েছে পাথরঘাটা কোস্টগার্ড। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
বুধবার (১২ আগস্ট) সকালে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। এর ফলে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারসহ অন্যান্য নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার মধ্যে দুর্ঘটনা ঘটলে প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়তে পারে। এতে জেলে, নৌযানচালক ও উদ্ধারকারী দলের সদস্যদের জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রের বৈরী পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিক, ঘাট কমিটি এবং বোট মালিক সমিতির সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো মাছ ধরার ট্রলার বা বাণিজ্যিক নৌযান সাগরে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তাটি দ্রুত উপকূলীয় এলাকার জেলে ও নৌযান মালিকদের মধ্যে প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাথরঘাটা মৎস্য সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কোস্টগার্ডের নির্দেশনার বিষয়টি আমরা জেনেছি। জেলেদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ট্রলার মালিকদের বিষয়টি জানিয়ে দিয়েছি এবং আপাতত সাগরে না যাওয়ার জন্য বলেছি।