গৌরনদীতে পাচারের সময় ১৫ বস্তা সার আটক, ডিলারকে জরিমানা

হোম » পটুয়াখালী » গৌরনদীতে পাচারের সময় ১৫ বস্তা সার আটক, ডিলারকে জরিমানা
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে পাচারের সময় ১৫ বস্তা সার আটক, ডিলারকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে পাচারের সময় ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় সারবোঝাই ভ্যানটি আটক করা হয়। পরে স্থানীয় কৃষকেরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সারগুলো পরিদর্শন করেন।

 

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকি বন্দরে মাছ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাঁকে সারগুলো খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন।

 

পরে ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিলার সিরাজ হাওলাদার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। এরপর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. ইব্রাহিম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইউএনও মো. ইব্রাহিম বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ