অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা আদায়ের অভিযোগ

হোম » লিড নিউজ » অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা আদায়ের অভিযোগ
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা আদায়ের অভিযোগ, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে মাঈনউদ্দিন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকার।

 

স্থানীয় মহিষ পালনকারীদের অভিযোগ, লালচর এলাকার খাসজমিতে মহিষ চরাতে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে দিতে হচ্ছে। টাকা না দিলে সেখানে মহিষ চরাতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এভাবে ৪৭৮টি মহিষের জন্য টাকা আদায় করা হয়েছে।

 

মহিষ পালনকারী রেজাউল খাঁ বলেন, ‘বিগত দিনে আমরা লালচরের খাসজমিতে মহিষ চরাতাম। মাঈনউদ্দিন আমাদের বলেছেন, মহিষপ্রতি ২০০ টাকা না দিলে ঘাস খাওয়াতে দেওয়া হবে না। পরে স্থানীয়রা বাধ্য হয়ে মহিষপ্রতি ২০০ টাকা করে দিয়েছেন।’

 

আরেক মহিষ পালনকারী ইদ্রিস দালাল বলেন, চরাঞ্চলের খাসজমিতে ঘাস খাওয়ানোর ওপর নির্ভর করেই অনেকে দীর্ঘদিন ধরে মহিষ পালন করছেন। এভাবে টাকা দিতে হলে তাঁদের খরচ বেড়ে যায়। এতে মহিষ পালন করে লাভ করা কঠিন হয়ে পড়ে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, লালচর এলাকায় খাসজমিতে মহিষ চরানোকে কেন্দ্র করে টাকা আদায়ের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। খাসজমিতে মহিষ চরানোর জন্য এভাবে টাকা নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

 

অভিযোগের বিষয়ে মাঈনউদ্দিন বলেন, ‘আমি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যরা এ বিষয়ে সালিশের ব্যবস্থা করছেন। মাছ ধরার চাই ভেঙে যাওয়ার ঘটনায় জরিমানা হিসেবে টাকা নেওয়া হয়েছে। আমার নিজের মহিষের জন্যও জরিমানা দিয়েছি।’

 

মাঈনউদ্দিন আরও বলেন, ‘তারা বিষয়টি অন্যদিকে নিয়ে যাচ্ছে। স্থানীয় মোস্তফা ফকির ও জামাল মাঝি সালিশ করেছেন। আমার কাছে টাকা রাখতে বলায় আমি টাকা রেখেছি।’

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ