কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময়, মোংলা শহরের উন্নয়নে গুরুত্ব

হোম » বিবিধ » কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময়, মোংলা শহরের উন্নয়নে গুরুত্ব
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময়, মোংলা শহরের উন্নয়নে গুরুত্ব

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলাবাসীর জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কেডিএ’র বর্তমান মাস্টারপ্ল্যান ও প্রস্তাবিত প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মোংলা শহরকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে কেডিএ কাজ করবে। শহরের সুরক্ষায় মোংলা নদীর পাড় সিসি ব্লক বা সিমেন্ট ব্লক দিয়ে বাঁধাই করা হবে। একই সঙ্গে নদীর পাড়কে নাগরিকদের বিনোদনের উপযোগী করে গড়ে তোলা হবে।’

 

তিনি আরও বলেন, মোংলার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে নতুন পানির প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। খুলনা বিভাগের উন্নয়নে সরকারের নির্দেশনায় সর্বাত্মক প্রচেষ্টা চলছে উল্লেখ করে তিনি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও মোংলা বন্দর স্টিভেডর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, ‘পরিকল্পিত শহর গড়ে তুলতে নাগরিক সচেতনতা ও সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন।’

 

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় স্থানীয় বাসিন্দারা মোংলার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। বক্তারা কেডিএ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০০ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ