ইউএনও অপসারণের দাবিতে দুমকিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » ইউএনও অপসারণের দাবিতে দুমকিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

ইউএনও অপসারণের দাবিতে দুমকিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত অপসারণের দাবি জানান। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম ও পক্ষপাতিত্ব এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলেন তারা।

 

বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে ইউএনওর প্রতি আস্থা কমে গেছে বলেও দাবি করেন তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন মোসা. স্বর্ণা আক্তার, মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব খলিফা, আ. রহমান ও মো. নাজেম সরদারসহ অন্যরা। বক্তারা দ্রুত ইউএনওকে অপসারণ করে নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিতের দাবি জানান।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, মেধার ভিত্তিতেই ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন করা হয়েছে। কোনো অনৈতিক সুবিধা বা সুপারিশ রক্ষা করা হয়নি। তিনি বলেন, ইউএনওর দায়িত্বের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন এবং নিয়মিত সভায় ব্যস্ততার কারণে দাপ্তরিক কাজে চাপ থাকে। ফলে অনেক সময় সেবাপ্রার্থীদের সঙ্গে দেখা করা সম্ভব হয় না।

 

মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:০২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ