পটুয়াখালীতে গ্রেপ্তারি পরোয়ানার খবরে নিজের আইনজীবীকে কুপিয়ে জখম

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে গ্রেপ্তারি পরোয়ানার খবরে নিজের আইনজীবীকে কুপিয়ে জখম
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

চিকিৎসাধীন আইনজীবী সামিউল আলম মল্লিক

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পেয়ে নিজ আইনজীবী সামিউল আলম মল্লিককে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামলার আসামি ও মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ফরাজীর বিরুদ্ধে। রবিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত আইনজীবী সামিউল আলম মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

আহত আইনজীবী, তাঁর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে জাকির হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান রয়েছে। মামলার নির্ধারিত দিনে আদালতে হাজির হওয়ার জন্য সামিউল তাঁকে ফোন করে অনুরোধ করেন। তবে ব্যস্ততার কথা জানিয়ে জাকির আদালতে হাজির হননি। পরে তাঁর পক্ষে আদালতে সময়ের আবেদন করেন আইনজীবী। আদালত আবেদনটি খারিজ করে জাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

সামিউল জানান, আদালতের আদেশের বিষয়টি ফোন করে জাকিরকে জানালে তিনি ক্ষুব্ধ হন। পরে রাত ৮টার দিকে জাকির ছৈলাবুনিয়া গ্রামে সামিউলের বাড়ির সামনের একটি চায়ের দোকানে আসেন। একপর্যায়ে দা দিয়ে সামিউলকে কুপিয়ে জখম করে তিনি চলে যান বলে অভিযোগ।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা সামিউলকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, আহত ব্যক্তির এক পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে। হামলায় জড়িত যে-ই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

 

অভিযোগের বিষয়ে জানতে জাকির হোসেন ফরাজীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ