এসএসসি ফলাফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

হোম » লিড নিউজ » এসএসসি ফলাফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


এসএসসি ফলাফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। বিপরীতে বরিশাল শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

পিরোজপুর জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন। তাদের মধ্যে ৪ হাজার ৪৯২ জন ছেলে ও ৫ হাজার ৩৫৩ জন মেয়ে শিক্ষার্থী। পরীক্ষায় মোট ৬ হাজার ৯৬২ জন পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২০ জন ছেলে ও ২২৬ জন মেয়ে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পিরোজপুরে মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। জেলার পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হারের চেয়ে ১০ দশমিক ৩৭ শতাংশীয় পয়েন্ট বেশি।

সোমবার (১০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।

অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, ‘এ বছর গড় পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের জেলাগুলোর মধ্যে পিরোজপুর শীর্ষে রয়েছে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।’

বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ