বেনাপোল বন্দরে পাঁচ চালানে ৮০ টন কাঁচামরিচ, খুচরা বাজারে স্বস্তি

হোম » কৃষি » বেনাপোল বন্দরে পাঁচ চালানে ৮০ টন কাঁচামরিচ, খুচরা বাজারে স্বস্তি
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

বেনাপোল বন্দরে পাঁচ চালানে ৮০ টন কাঁচামরিচ, খুচরা বাজারে স্বস্তি

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

 

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ চালানে ৮০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানির প্রভাবে দেশের অন্যতম বড় এই স্থলবন্দরসংলগ্ন বাজারে কাঁচামরিচের দাম এক দিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কমেছে। রবিবার বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা শনিবার ছিল ১৮০ টাকা। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

 

বন্দর সূত্র জানায়, গত সোমবার রাতে প্রথম চালানে একটি ভারতীয় ট্রাকে ৯ দশমিক ২ মেট্রিক টন কাঁচামরিচ আসে। মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় চালানে তিনটি ট্রাকে আসে ৪২ দশমিক ২২ মেট্রিক টন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাকে ১৪ মেট্রিক টন এবং শনিবার সন্ধ্যায় একটি ট্রাকে ১৫ মেট্রিক টন কাঁচামরিচ বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। পাঁচ চালানে মোট আমদানি হয়েছে ৮০ দশমিক ৪২ মেট্রিক টন কাঁচামরিচ।

 

আমদানিকারক আমিনুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের খেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে যায়। এতে দেশের বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়ে যায়।

 

তিনি বলেন, ভারত থেকে প্রতি টন কাঁচামরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। তবে কাস্টমস প্রতি টন কাঁচামরিচের শুল্কায়ন মূল্য নির্ধারণ করছে ৫০০ মার্কিন ডলার। এতে কেজিপ্রতি প্রায় ৩৮ টাকা শুল্ক দিতে হচ্ছে। শুল্ক কমানো হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসত।

 

বাজারে কাঁচামরিচ কিনতে আসা হাসান আলী বলেন, ‘শনিবার ১৮০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছিলাম। আমদানি শুরুর এক দিনের ব্যবধানে দাম ১০০ টাকা কমেছে। ভারত থেকে আরও কাঁচামরিচ আমদানি হলে দাম আরও কমবে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে।’

 

বিক্রেতা কামরুল ইসলাম বলেন, ‘সরবরাহ কম থাকায় বেশ কিছুদিন ধরেই কাঁচামরিচের দাম বেশি ছিল। শনিবার ১৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং দামও কমেছে। মোকাম থেকে কম দামে কিনতে পারায় রবিবার ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। দাম কমায় ক্রেতাও বেড়েছে, বেচাকেনা ভালো হচ্ছে।’

 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত কাঁচামরিচের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হচ্ছে। ফলে আমদানিকারকেরা দ্রুত পণ্য খালাস করে বাজারজাত করতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ