কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ২৫ লাখ ৩ হাজার ১৯৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ জুন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (সাবেক) কাউছার হামিদ প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

 

প্রকল্পের আওতায় মিঠাগঞ্জ ইউনিয়নের স্বনির্ভর খালের স্লুইস থেকে দক্ষিণে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ৪৫০ মিটার খাল পুনঃখনন করা হয়। গত ৩০ এপ্রিল শুরু হয়ে ২৫ জুন প্রকল্পের কাজ শেষ হয়।

 

প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৪৭৬ টাকা। এর মধ্যে ৩২১ জন শ্রমিকের মজুরি বাবদ ব্যয় হয়েছে ৪৪ লাখ ৭ হাজার টাকা। নন-ওয়েজ খাতে ব্যয় হয়েছে ৬৯ লাখ ৯৮ হাজার ২৭৯ টাকা এবং প্রশাসনিক ব্যয় হয়েছে ৬০ হাজার টাকা। এছাড়া প্রকল্পের আওতায় ১ হাজার ৬০০টি বৃক্ষ রোপণে ব্যয় হয়েছে ৯ লাখ ২৮ হাজার টাকা।

 

খাল পুনঃখনন করে মোট ৪১ হাজার ৫৬০ ঘনফুট মাটি কাটা হয়েছে। প্রকল্পে কাজ করা ৩২১ জন উপকারভোগী শ্রমিকের মধ্যে ২৩৮ জন পুরুষ ও ৮৩ জন নারী।

 

কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:০৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ