
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে কুয়াকাটার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুয়াকাটার উন্নয়ন, পর্যটনশিল্পের সম্ভাবনা, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং এসব সমাধানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজান পারভেজসহ কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতে কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভার শেষপর্যায়ে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।