দুমকিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার যুবক

হোম » পটুয়াখালী » দুমকিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার যুবক
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

দুমকিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার যুবক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার পাংগাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী নয়না আক্তার (ছদ্ম নাম) ওই এলাকার মেয়ে। অভিযুক্ত সোহাগ হাওলাদার একই এলাকার মিজু হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি বাড়ি ফেরার পথে পাংগাশিয়া স’মিলের দক্ষিণ পাশে ধর্ষণচেষ্টার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটিকে একা পেয়ে রাস্তার পাশের একটি গাছের দিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। এ সময় পুকুরজনা বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে থামেন। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহাগকে ধরে ফেলেন।

 

খবর পেয়ে দুমকি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহাগ হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যান।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:১১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ