গৌরনদীর কমলাপুরে ঐতিহ্যবাহী খাল রক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

হোম » বরিশাল » গৌরনদীর কমলাপুরে ঐতিহ্যবাহী খাল রক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


গৌরনদীর কমলাপুরে ঐতিহ্যবাহী খাল রক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের ঐতিহ্যবাহী খাল সংরক্ষণ, পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টায় উপজেলার তুলাতলা বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

আয়োজকদের সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় কমলাপুর ঐতিহ্যবাহী খালের দালাল বাড়ি থেকে বেপারি বাড়ি পর্যন্ত অংশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। উদ্যোগটির নেতৃত্ব দেন কৃষিবিদ মো. ফেরদাউস হাওলাদার। সার্বিক সহযোগিতা করেন ইতালি প্রবাসী বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার।

 

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃধা, মজিবুর রহমান ফকির, সৈয়দ আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম, নজরুল হাওলাদার, শওকত মিয়া, মো. এমদাদুল হক, মাইনুল ইসলাম মানু, হায়দার তালুকদার, লিটন হাওলাদার, নুর ইসলাম তালুকদার, মনজুর হাওলাদার, হালিম ফকির, বাচ্চু হাওলাদার, বদর হাওলাদার, চান্দুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

উদ্যোক্তা কৃষিবিদ মো. ফেরদাউস হাওলাদার বলেন, খাল শুধু পানি চলাচলের পথ নয়, এটি আমাদের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। খালকে বাঁচাতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং কেউ যেন এতে ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।

 

আয়োজকদের ভাষ্য, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, আমাদের গ্রাম, আমাদের খাল-এর পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের সবার। খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে বলও তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩০ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ