ইনফান্তিনোকে ঘিরে সংকট ঘনীভূত, ফিফার জরুরি বৈঠক আজ

হোম » খেলা » ইনফান্তিনোকে ঘিরে সংকট ঘনীভূত, ফিফার জরুরি বৈঠক আজ
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসাগরকন্যা স্পোর্টস ডেস্ক

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সংকট আরও গভীর হয়েছে। বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর মরক্কোর রাজধানী রাবাতে আজ বুধবার ( ৫ আগস্ট) ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন সদস্যদেশের সমর্থন ধরে রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ইনফান্তিনো।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, সভাপতি পদ ধরে রাখতে ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা ফিফার ২১১ সদস্যদেশের বিভিন্ন ফুটবল সংস্থার কাছে তাঁর পক্ষে সমর্থন চেয়েছেন। তবে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের মিত্র সৌদি আরবও এখনো আনুষ্ঠানিক সমর্থন জানায়নি।

 

সংকটের মধ্যেই মঙ্গলবার ( ৪ আগস্ট) বিস্ফোরক অভিযোগ করেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তাঁর দাবি, ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দিলে জর্ডান ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধানে ফিফা সহায়তা করবে-বিশ্বকাপ চলাকালে তাঁকে এমন বার্তা দেওয়া হয়েছিল। তাঁর ভাষায়, এটি ‘ব্ল্যাকমেল’ ছাড়া আর কিছু নয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রিন্স আলী বলেন, আগেও আমরা তাঁকে সমর্থন করিনি, এখনো করব না। পুরো বিষয়টি ব্ল্যাকমেলের শামিল, আর আমরা মাথা নত করব না।

 

তিনি আরও অভিযোগ করেন, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ার পরও জর্ডানের প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করা হয়নি। পাশাপাশি সাম্প্রতিক বিশ্বকাপে টিকিট থাকা সত্ত্বেও অনেক জর্ডানের সমর্থক যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য জর্ডানের প্রাইজমানিও যুক্তরাষ্ট্রে করের আওতায় পড়েছে বলে দাবি করেন তিনি।

 

এদিকে ফিফার ভেতর থেকেও ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছে। ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়নবিষয়ক প্রধান আর্সেন ওয়েঙ্গার বলেন, বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করা খুবই জরুরি ছিল এবং এ পরিকল্পনা সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না। অন্যদিকে, ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

 

এরই মধ্যে ওয়েলস, ফিনল্যান্ড, সুইডেন ও সার্বিয়াসহ উয়েফার কয়েকটি সদস্যদেশ ইনফান্তিনোর প্রতি দেওয়া সমর্থনপত্র প্রত্যাহার করেছে। আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনের আগে এই সংকট ইনফান্তিনোর ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:০৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ