
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহস্থালি পুকুরে মাছ চাষে উৎসাহ দিতে তৃণমূলের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপসহকারী কর্মকর্তা মো. মহসিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যজীবী পরিবারের সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়) এর আওতায় পুকুরে মৎস্য চাষ প্রদর্শনী কর্মসূচির জন্য ১২টি ইউনিয়নের ১২ জন নারীকে উপকরণ দেওয়া হয়েছে। প্রত্যেককে এক বস্তা খৈল, ছয় বস্তা মাছের খাদ্য, ১০টি গাছের চারা, পাঁচ প্যাকেট সবজির বীজ, একটি কয়েল জাল এবং দুই হাজারটি করে মাছের পোনা প্রদান করা হয়।
চম্পাপুর ইউনিয়নের উপকারভোগী জাহানারা বেগম (৪২) বলেন, অভাব-অনটনের মধ্যে সংসার চলছিল। পরে মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়ে বাড়ির পুকুরে মাছ চাষ শুরু করেন। মৎস্য বিভাগের পরামর্শ ও তত্ত্বাবধানে প্রথম বছরেই লাভের মুখ দেখেছেন। এবারও বিনামূল্যে প্রয়োজনীয় উপকরণ পেয়ে তিনি আরও উৎসাহিত হয়েছেন। রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগ না হলে মাছ বিক্রি করে ভালো আয়ের আশা করছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রকল্পের আওতায় ১২টি ইউনিয়নের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দুটি অল-মেল গলদা চিংড়ি চাষ প্রদর্শনী এবং দুটি কার্পজাতীয় মাছ চাষ প্রদর্শনীর জন্য একটি এয়ারেটর, দুই বস্তা চুন এবং প্রয়োজনীয় গলদা চিংড়ির রেণু ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।