
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
গ্রাহকসেবা মাস উপলক্ষে খুলনার কয়রায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কয়রা উপজেলা এজেন্ট শাখায় এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. সাঈদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পাইকগাছা শাখার ব্যবস্থাপক মুহা. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জি এম রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, উত্তর চক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ইসলামী ব্যাংক কয়রা এজেন্ট শাখার ইনচার্জ আ. মান্নান, পাতাখালী মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক আ. রব এবং ব্যাংকের গ্রাহক মাস্টার কোহিনুর আলম ও সাজিদা খাতুন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আধুনিক, সহজ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, বরং ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠার একটি কার্যকর মডেল।