শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

হোম » ঝালকাঠী » শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি শুরু হয়।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়লেও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।

 

বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘এক দফা, এক দাবি- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে, আমি কে- ব্রয়লার, ব্রয়লার’।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁর আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা পর্যবেক্ষণের জন্য তারা ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত রেখেছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:০০ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ