ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া

হোম » লিড নিউজ » ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার ঘোষণা আসবে- এমন প্রত্যাশা ছিল দক্ষিণাঞ্চলের মানুষের একাংশের। তবে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা বলছেন, ঘোষণার চেয়ে প্রকল্পের বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার।

 

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এর আগে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তবে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিষয়ে কোনো ঘোষণা দেননি।

 

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘ঘোষণার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।’ তাঁর এ বক্তব্যের পরও মহাসড়কটি নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় স্থানীয়দের একাংশের প্রত্যাশা অপূর্ণ থেকে যায়।

 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকারের আন্তরিকতা রয়েছে। ঘোষণা না এলেও বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি। এ সফরে ঘোষণা না এলেও সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন।

 

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার ঘোষণা আসবে। ঘোষণা না আসায় কিছুটা হতাশা তৈরি হলেও ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের কারণে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি আরও জোরালো হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে যাতায়াতের সময় কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ