
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের দরিবাহেরচর গ্রামের মসজিদসংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের ওপর নির্মিত একটি সাঁকো পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ডুবুরি না থাকায় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা নেওয়া হয়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান বলেন, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে পটুয়াখালী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গলাচিপা থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।