বাগেরহাট আদালত ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত ৫ বিচারপ্রার্থী

হোম » আইন-আদালত » বাগেরহাট আদালত ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত ৫ বিচারপ্রার্থী
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


 

বাগেরহাট আদালত ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত ৫ বিচারপ্রার্থী

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের তিনতলা ভবনের নিচতলার বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা।

 

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় মামলার হাজিরা ও শুনানির অপেক্ষায় ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। এ সময় হঠাৎ ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ধ্বংসাবশেষের আঘাতে অন্তত পাঁচজন আহত হন।

 

আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

 

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আহতদের শরীর ও মাথায় পলেস্তারার আঘাত লেগেছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, ‘তিনতলা মূল ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন দেয়াল ও ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ (সোমবার) বারান্দার ছাদের পলেস্তারা ধসে এই দুর্ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনটি দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে লিখিত ও মৌখিকভাবে একাধিকবার জানানো হয়েছে।’

 

আইনজীবী ও বিচারপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো মানুষের সমাগম হওয়ায় দ্রুত সংস্কার করে ভবনটি নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০৩ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ